সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
নির্বাচন সুষ্ঠুভাবে হলে যেকোনো ফল মেনে নেবে জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “আমরা চাই, জনগণের ভোটাধিকার যেন হাইজ্যাক না হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, “কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে।”
এভাবে চলতে থাকলে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারাদেশ থেকে আমরা ভালো খবর পাচ্ছি।”
ঢাকা/রুবেল/জান্নাত