ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার প্রতিটি আসনেই বিএনপি প্রার্থীদের পরাজিত করে বেসরকারিভাবে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। এই নির্বাচনে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্য প্রার্থীদের শোচনীয় পরাজয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পর শুক্রবার (১৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন:

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান দুই প্রতিদ্বন্দ্বি বাদে নির্বাচনি মাঠে থাকা অন্য সব প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। তবে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই এই ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি বিধি অনুযায়ী জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম, সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম এবং ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হুদা। 

একই দশা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনেও। এখানে জাতীয় পার্টির খুরশিদ আলম, ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল এবং সিপিবির সাদেকুল ইসলাম তাদের জামানতের টাকা হারলেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনেও ছোট দলগুলোর প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এই আসনে ইসলামী আন্দোলনের মো. মনিরুল ইসলাম, জাসদ (জেএসডি-রব)-এর ফজলুর ইসলাম খাঁন এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ফলে এই নির্বাচনে জয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি প্রার্থীদের জনসমর্থনের করুণ চিত্রটিই ফুটে উঠেছে রিটার্নিং কর্মকর্তার চূড়ান্ত ফলাফল শিটে।

ঢাকা/মেহেদী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়