ভোট দেওয়ায় তালাক পাওয়া সেই গৃহবধূর পাশে বিএনপি
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে তালাক পাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী জহুরার পাশে দাঁড়িয়েছে বিএনপি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার‘-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার বাড়িতে যায়। তারা জহুরার সার্বিক খোঁজ-খবর নেন এবং তাকে আর্থিক সহায়তা দেন। পরে তার তিন সন্তানের পড়াশোনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতারা।
এ সময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, “ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এই নারীকে তার স্বামী তালাক দিয়েছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তা আমরা কখনো কল্পনাও করিনি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ভুক্তভোগী এ পরিবারের পাশে থাকব। পরবর্তী সময়েও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেছেন, “তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করা হয়েছে। তার স্বামী আমাদের দলের কেউ নন। তবু, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা। আগামীতেও তাদের প্রয়োজনীয় সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে।”
এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে জহুরাকে মৌখিকভাবে তালাক দেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার।
ঢাকা/সাহাব উদ্দিন/রফিক