বাংলাদেশের নির্বাচনের পরে আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পেয়েছে বিএনপি। দলটির সরকার গঠনের খবরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে খুশি হাওয়া ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যেই তারা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। হোটেল মালিক বা ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন, স্থানীয় জামাকাপড়ের দোকান থেকে শুরু করে মুদিখানা বা চায়ের দোকান সবাই চাইছেন নিউ মার্কেট ফিরে আসুক আগের ছন্দে। বাংলাদেশের পর্যটকদের পদচারণায় মুখরিত হোক কলকাতা।
২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন অস্থিরতার কারণে ভারত ও বাংলাদেশ সম্পর্কে চির ধরে। এতে বাংলাদেশ থেকে কলকাতা আসা মানুষের সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে যায়। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন এই অঞ্চলের ব্যবসায়ীরা। তারা আশা করছেন নতুন সরকার গঠনের পরে বাড়বে ভিসা দেওয়ার পরিমাণ। পরিস্থিতি আবারো আগের মতন স্বাভাবিক হবে । কলকাতার মিনি বাংলাদেশ আবারো ফিরবে তার পুরনো ছন্দে।
ঢাকা/সুচরিতা/শাহেদ