শেষ ওভারে বাংলাদেশের নাটকীয় জয়
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
থাইল্যান্ডে জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। কিন্তু জয় পেতে ঘাম ছুটেছে মেয়েদের।
টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ‘এ’ দল ১১৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১৯ ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দল তুলে নেয় ১০৫ রান। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১১ রান। কিন্তু লঙ্কান নারীরা ফাহিমা খাতুনের ওভারে ৮ রানের বেশি নিতে পারেননি। কোনো বাউন্ডারি হজম না করায় বাংলাদেশ জয় পায় ৪ রানে।
ব্যাটিংয়ে বাংলাদেশের দুই ওপেনার ভালো শুরু এনে দেন। ইশমা তানজিম ও শামীমরা সুলতানা ৪৮ রানের জুটি গড়েন। শামীমার (১৭) বিদায়ে ভাঙে জুটি। আরেক ওপেনার ইশমা ২৫ বলে ৪টি বাউন্ডারিতে ৩০ রান করে আউট হন।
অভিজ্ঞ শারমীন সুলমানা ২৭ বলে করেন ২৯ রান। এই তিন ব্যাটসম্যান বাদে রান পাননি কেউ। শেষ দিকে ৪০ রানে ৭ উইকেট হারায় নারীরা। কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিশানসালা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৩০ রান পায় তারা। তখন মনে হচ্ছিল বাংলাদেশের থেকে ম্যাচটা ফসকে যাবে। কিন্তু আমা কানচানা ও সাচিনি নিশানসালার জুটি ভাঙার পর কাজটা সহজ হয়ে যায়। শ্রীলঙ্কাকে ম্যাচে লড়াইয়ে রেখেছিলেন হানসিমা করুণারত্মে। তিনে নেমে ৩১ বলে ২৬ রান করেন তিনি।
শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন পড়ে ১১ রানের। অধিনায়ক ফাহিমা নিজেই দায়িত্ব নেন। শেষ ওভারে রান দেন কেবল ৮। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার।
বাংলাদেশের পরের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে সোমবার।
ঢাকা/ইয়াসিন