বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে স্থানীয় এক যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে মো. আলীমুজ্জামান রানার বাড়িতে এ ঘটনা ঘটে।
আলীমুজ্জামান রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার অভিযোগ, স্থানীয়ভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তারাই এই আগুন দিয়েছে।
আলীমুজ্জামান বলেন, “রবিবার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে আমার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহূর্তেই আগুন ঘরে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাব, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, “আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”
ঢাকা/আমিনুল/রাজীব