বগুড়ায় সড়কের পাশে মিলল পোশাককর্মীর লাশ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার কাহালুর আঞ্চলিক মহাসড়ক থেকে নয়ন ইসলাম (২৪) নামে এক পোশাক কারখানার কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুরইল ইউনিয়নের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিমানবন্দর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের পারদেব ডাঙ্গা এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকার এমকে ফ্যাশন ওয়্যার নামের একটি প্রতিষ্ঠানে অপারেটর পদে কর্মরত ছিলেন।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে বিমানবন্দর গেট সংলগ্ন সড়কে কোনো একটি গাড়ির সংঘর্ষের শব্দ পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তারা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে থানার এসআই মো. রুবেল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
গোলাম মোস্তফা আরো জানান, নয়ন ইসলাম কেন মুরইল এলাকায় গিয়েছিলেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনায় তার মাথা থেঁতলে গেছে।
মরদেহ বর্তমানে কাহালু থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/এনাম/জান্নাত