কৃষককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনকে মঙ্গলবার নকলা হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া ব্যক্তিকে ছাড়াতে গিয়ে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তারা মারা যান।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ এ তথ্য জানান।
মারা যাওয়ারা হলেন- মিন্টু মিয়া (৪৫) ও আঙুর মিয়া (৫০)। তারা একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম মিন্টু জানান, বিকেলে কৃষক সামিদুল ইসলাম তার নিজ সেচ পাম্পের তার মেরামত করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে যান। তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনজনকেই নকলা হাসপাতালে নেওয়া হলে মিন্টু মিয়া ও আঙুর মিয়াকে চিকিৎসক ডা. মালিহা নুজাত মৃত ঘোষণা করেন। আহত সামিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুইজনের মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের আবেদন করা হয়েছে। আইনগত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নকলা থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা/তারিকুল/মাসুদ