কালিয়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের কালিয়ায় ইব্রাহীম শেখ (৮২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইব্রাহীম শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানাবিধ রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি গাব গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/শরিফুল/রাজীব