চৌগাছায় হামলায় আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
শাহিনুর রহমান
যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য জানিয়েছেন নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান।
নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা।
স্বজনরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে ছিলেন শাহিনুর রহমান। একদল সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহিনুর রহমানকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শাহিনুর রহমানের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাহিনুর রহমানের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, “মৃত্যুর বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।”
ঢাকা/রিটন/মাসুদ