ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুরে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

অভিযুক্ত ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার।

শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলা হয়েছে। এতে তার ডান হাত ভেঙে যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, মিজান শিকদার নামে এক যুবদল নেতা ও তার লোকজন এ হামলা চালিয়েছে। 

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নুরুল আমীন রতন দীর্ঘদিন ধরে শতবর্ষী বিদ্যাপীঠ বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদারসহ অন্তত ১০ জন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তারা তাকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

আরো পড়ুন:

ভুক্তভোগী প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। আজ (মঙ্গলবার) বাড়ি ফেরার পথে মিজান শিকদার ও তার লোকজন আমার পথ আটকিয়ে হামলা চালায়।” 

অভিযুক্ত ভোজেশ্বর যুবদলের সভাপতি মিজান শিকদার বলেন, “আমি এ বিষয়ে জানি ন।। যারা অপপ্রচার ছড়াচ্ছে তাদের প্রশ্ন করেন। আমি কাল তার বিরুদ্ধে মানহানির মামলা করব। তখন সাক্ষাৎকার নিতে আইসেন।” 

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (অর্থোপেডিক্স) ডা. মফিজুর রহমান স্বপন বলেন, “হাসপাতালে আনা ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তার ডান হাতটি ভেঙে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি হতে বলেছি।” 

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়েছিলাম। ভুক্তভোগী কিংবা তার পরিবারের কাছ কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। কারা এই হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করছি। আমরা চাই, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের মাধ্যমে শাস্তি হোক।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়