কুয়াকাটায় আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগুনে পুড়ে যাওয়া দোকান।
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে গেছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরো তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় দিকে পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, আগুন মুহূর্তের মধ্যে সালমা ও নাসিরের খাবার হোটেল, বেল্লাল ও রেজাউলের কাপড়ের দোকান, মিলনের মুদির দোকান, শহীদের ঝিনুকের দোকান, মিলনের জেনারেটরের দোকান ও আসলামের চায়ের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খাবার হোটেলের মালিক সালমা বলেন, “আগুনের যখন সূত্রপাত হয়, তখন যদি কাছাকাছি পানি থাকতো অথবা আমাদের এলাকায় ফায়ার সার্ভিস থাকতো তাহলে এত বড় সর্বনাশ হতো না। ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসলেও পানির কারণে আগুন নেভাতে তাদের অনেক কষ্ট হয়েছে। সৈকত থেকে তাদের পানি আনতে হয়েছে। আগুনে আমার শেষ সম্বল টুকু হারিয়ে ফেললাম। এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি না।”
চা দোকানী আসলাম হোসেন বলেন, “চায়ের দোকান দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আজ সব আগুনে মিশে গেল। এখন আমি সর্বহারা। সামনে ঈদ কিভাবে জীবন কাটবে সেটাই ভেবে পাচ্ছি না।”
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”
ঢাকা/ইমরান/মাসুদ