ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রবিবার কেসিসি প্রশাসকের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, সামনে ৫ চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার কেসিসি প্রশাসকের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, সামনে ৫ চ্যালেঞ্জ

নজরুল ইসলাম মঞ্জু।

আগামীকাল রবিবার (১ মার্চ) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন এই নেতা। বৈঠকে নাগরিকদের মতামত নিয়ে কাজ শুরু করবেন বলে ঘনিষ্টজন সূত্রে জানা গেছে।

অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন দায়িত্ব নেওয়া বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুকে।  

জানতে চাইলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘‘খুলনা সিটি করপোরেশনে অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে। নগরবাসীকে সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।’’ 

কেসিসি সূত্র জানায়, বৈঠক অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ইতোমধ্যে ৫ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নগর ভবনের ৩টি পৃথক ভেন্যুতে অতিথিরা আসন গ্রহণ করবেন।

কেসিসি থেকে জানা গেছে, নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় আমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত খুলনার ৬টি আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজনৈতিক দলগুলোর নেতারা, সরকারি দপ্তরগুলোর প্রধান, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি সেবাদাতা সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক-শিক্ষক-আইনজীবী ও সাংবাদিক সংগঠনগুলোর নেতা, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রধান, পরিবেশ কর্মী, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দৈনন্দিন কাজে যারা নগরবাসীর সঙ্গী রিকশা চালক, ইজিবাইক চালক ও শ্রমিকদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, বিদায়ী ও বর্তমান প্রশাসক আলোচনা করে আগামীকাল রবিবার (১ মার্চ) দুপুরে দায়িত্ব হস্তান্তরের দিন নির্ধারণ করেছেন। নতুন প্রশাসকের আগমন উপলক্ষে সকল আনুষ্ঠিকতা সম্পন্ন করা হয়েছে। আমন্ত্রণ কার্ড সবার কাছে পৌছে দেওয়া হয়েছে।

কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। নগর ভবনের তৃতীয় তলায় অবস্থিত শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভা কক্ষে আমন্ত্রিতরা বসবেন। পাশাপাশি নিচতলায় এলইডি ডিসপ্লে স্থাপনা করা হয়েছে। সেখানে নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতাকর্মীরা বসবেন। নবনিযুক্তি প্রশাসক আগে নিচতলায় গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তৃতীয় তলায় যাবেন।

গত ২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে যোগদানপত্র তুলে দেন নজরুল ইসলাম মঞ্জু। অসুস্থ থাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় চিকিৎসা নিয়েছেন তিনি। আজ শনিবার রাতে তিনি খুলনায় ফিরবেন। 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়