বাজারের ব্যাগে হচ্ছিল ইয়াবা পাচার, গ্রেপ্তার ১
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার শংকর চন্দ্র রায় (ডানে)।
প্লাস্টিকের বাজারের ব্যাগে ইয়াবা পাচারের সময় বগুড়ার শিবগঞ্জে এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ হয় প্রায় সাত হাজার পিস ইয়াবা।
গ্রেপ্তার শংকর চন্দ্র রায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা। তিনি রংপুর থেকে বাসে করে ঢাকায় যাচ্ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জের ভরিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী বাস থামিয়ে তল্লাশি শুরু করা হয়। বাসটির যাত্রী শংকর চন্দ্র রায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়।
এ সময় তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর লেবেলবিহীন খালি পানির বোতলের নিচে বিশেষ কায়দায় রাখা তিনটি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে লুকানো অবস্থায় ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ঢাকা/এনাম/মাসুদ