খুলনায় একজন গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খুলনা মহানগরীর নিরালা মোড় সংলগ্ন জাহিদুর রহমান ক্রস রোডে আ. আজিজ (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে তার ওপর হামলা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম এ তথ্য জানান।
গুলিবিদ্ধ আজিজ নগরীর বাগমারা মেইনরোড ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, রাত ৯টার দিকে জাহিদুর রহমান ক্রস রোডে অবস্থান করছিলেন আজিজ। মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি আজিজের গলা ও পেটে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় আজিজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আজিজের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। তিনি নগরীর একটি সন্ত্রাসী গ্রুপের সক্রীয় সদস্য।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ