কিশোরগঞ্জে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আলমগীর হোসেন
কিশোরগঞ্জের ভৈরবে চারদিন ধরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্প নগরীর বিপরীত পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৮)। তিনি জনতা ব্যাংকে চাকরি করতেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান আকন্দ জানান, আলমগীর হোসেন জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা। তার স্ত্রী তাছলিমা ভৈরবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এই দম্পতি উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। গত রবিবার সকাল সাড়ে ৮টায় বাসা থেকে অফিসের যেতে বের হন আলমগীর। পরে অফিস থেকে জানানো হয়, তিনি অফিসে যাননি। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়।
তিনি জানান, এ ঘটনায় ওই দিনই ভৈরব থানায় সাধারণ ডায়েরি করেন আলমগীরের স্ত্রী তাছলিমা আক্তার। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্প নগরীর বিপরীত পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আতাউর রহমান আকন্দ জানান, নিহতের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। আপাতত একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রুমন/মাসুদ