বাবর-সাইমকে ছাড়া বাংলাদেশে আসছে পাকিস্তান, ডাক পেয়েছেন শাহিবজাদা
টি-টোয়েন্টি বিশ্বকাপের খারাপ পারফরম্যান্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন বাবর আজম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৮ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার দল ঘোষণা করেছে। যেখানে রাখা হয়নি বাবর আজমকে। অথচ সবশেষ ওয়ানডে সিরিজেও বাবরের ব্যাটে ছিল সেঞ্চুরি।
তাহলে বাদ কেন? টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় বারকে বাদ দিয়েছে পিসিবি। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে। শুধু তাকেই নয়, সাইম আইয়ুবও এই সফরে নেই। স্পিন অলরাউন্ডারও পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন।
দলে ডাকা হয়েছে ফর্মে থাকা শাহিবজাদা ফারহানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬ ইনিংসে করেছেন ৩৮৩ রান। নামের পাশে রয়েছে দুইটি সেঞ্চুরি। এছাড়া এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট না খেলা আরো ৫ ক্রিকেটার রয়েছেন এই স্কোয়াডে।
ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার আছেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হুসাইন। দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান। দল ঘোষণার আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফখর।
১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।
পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।
ঢাকা/ইয়াসিন