বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সুন্দরবনে অপহরণ হওয়ার তিন সপ্তাহ পর বনদস্যুদের কবল থেকে ফিরেছেন ১৪ জন জেলে। জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে তারা মুক্তি পেয়েছেন। মোবাইল ফোনে এ তথ্য জানিয়েছেন শেলার চরের শুটকি ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু। ।
তিনি বলেন, “বর্তমানে শরণখোলা দস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।” এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ফিরে আসা জেলেরা নারকেলবাড়িয়া ও শেলার চরের শুঁটকি ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর মালি, হাবিব ও রবি মহাজনের অধীনে কর্মরত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি রাতে বনদস্যু করিম শরীফ বাহিনী পূর্ব সুন্দরবনের শেলার চর শুঁটকি পল্লীতে হানা দিয়ে একটি ট্রলারসহ ৬ জেলেকে অপহরণ করে। পরে ১৬ ফেব্রুয়ারি রাতে বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০টি ট্রলার থেকে আরো ২০ জেলেকে অপহরণ করে।
দুবলার চরের বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় বলেন, “চাহিদা অনুযায়ী চাঁদা না পাওয়ায় বনদস্যুরা আবারো শুঁটকি পল্লীতে হানা দিয়ে জেলে অপহরণের হুমকি দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর দুবলার শুঁটকি উৎপাদনকারী জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঢাকা/আমিনুল/মাসুদ