সুন্দরবনে বনদস্যু দয়াল বাহিনীর সদস্য হালিম গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবন থেকে অস্ত্রসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিমকে গ্রেপ্তার করে কোস্টগার্ডের সদস্যরা।
সুন্দরবন থেকে একনলা বন্দুকসহ কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিম (৩৬) কে গ্রেপ্তার করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (১০ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন শিবসা নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হালিম দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি, ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে।
হালিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।
হালিম সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। তার দেওয়া তথ্য অনুযায়ী বনের মধ্য থেকে একটি একনলা বন্দুক ও চারটি তাজা গুলি উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবন ও উপকূলীয় এলাকা নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/আমিনুল/বকুল