চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে চোরাবালিতে ডুবে মাইমুনা আক্তার (১৪) ও ইশপা মনি (১১) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) বেলা ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪-৫ জন কিশোরী একসঙ্গে মাতামুহুরি নদীর ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে মাইমুনা ও ইশপা চোরাবালিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা কিশোরীরা ভয়ে ওপরে চলে আসে এবং আশপাশের লোকজনকে ডেকে আনে। স্থানীয়রা দুই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তারেকুর/রাজীব