ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে তিন ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১৫:০৪, ১৩ মার্চ ২০২৬
সিলেটে তিন ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত

সিলেটে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর ফাল্গুনের শেষ প্রহরে সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) ভোরে সিলেট নগরী, জেলা ও আশপাশের এলাকায় আকাশ কালো করে বইতে থাকে শীতল বাতাস। দিনের শুরুতেই প্রকৃতির এই পরিবর্তনে নগরবাসীর মধ্যে স্বস্তির অনুভূতি ফিরে আসে।

ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। সকাল ৯টার দিকে সিলেট নগরীতে শুরু হয় টানা বৃষ্টিপাত, যা একটানা চলতে থাকে দুপুর ১২টা পর্যন্ত। তিন ঘণ্টার এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়। 

আরো পড়ুন:

আবহাওয়া অধিদপ্তর সিলেটের তথ্যমতে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত আরো ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সব মিলিয়ে দিনের প্রথম ছয় ঘণ্টায় মোট ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ পর্যন্ত সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তাই ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৌসুম পরিবর্তনের এই সময়টিতে এ ধরনের বৃষ্টি ও ঝড়ো হাওয়া স্বাভাবিক।

ঢাকা/রাহাত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়