ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছয় গ্রামের ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, সেতুর দাবি এলাকাবাসীর

মাহমুদুল হাসান মিলন, ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৩ মার্চ ২০২৬  
ছয় গ্রামের ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, সেতুর দাবি এলাকাবাসীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকোই ছয় গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর ওপর দিয়ে পায়ে হেঁটে পারাপার করছেন শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত এই অস্থায়ী সাঁকো দিয়ে দক্ষিণ পাশের তারাকান্দি ভাইদগাঁও, চর সৈয়দ ভাকুরী এবং উত্তর পাশের কাকনহাটি, সৈয়দ ভাকুরী ও দড়ি পাঁচাশী গ্রামের মানুষ যাতায়াত করেন।

আরো পড়ুন:

সাঁকোটির দক্ষিণ পাশে রয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসা ও ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর উত্তরে রয়েছে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারি অফিস, আদালত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলার সদর হাট-বাজার। এসব গুরুত্বপূর্ণ স্থানে যেতে এলাকাবাসীর একমাত্র ভরসা এই সাঁকো।

প্রতি বছর ডিসেম্বর মাসে জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। কয়েক বছর আগে ওই সম্মেলনকে ঘিরে হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে নদীর ওপর এই অস্থায়ী সাঁকো নির্মাণ করে। এরপর থেকে এলাকাবাসী নিজেরাই এটি মেরামত করে সারা বছর ব্যবহার করছেন।

ভাইদগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, “এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হলে নদীর দুই পাড়ের ছয় গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সাঁকোটি পাকা না থাকায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে অনেক সময় ঘুরে যেতে হয়। আবার কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হলে দুই থেকে তিন কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়।

ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা বলেন, “এখানে ব্রিজ নির্মাণের জন্য সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন ও ফখরুল ইমামের সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জায়গা পরিমাপ করা হয়েছিল এবং সেতু নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু, পরে আর কাজ শুরু হয়নি।” এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। বর্তমান সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, “সাঁকোটির দুই পাশে যদি সংযোগ সড়ক থাকে, তাহলে জরুরি ভিত্তিতে আবেদন করলে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়