ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে মাটি খুঁড়তেই মিলল প্রাচীন কলস, গুপ্তধনের গুঞ্জন

তামিম ইসলাম, ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৩ মার্চ ২০২৬  
ফরিদপুরে মাটি খুঁড়তেই মিলল প্রাচীন কলস, গুপ্তধনের গুঞ্জন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় ড্রেন সংস্কারের জন্য মাটি খনন করতে গিয়ে একে একে বেরিয়ে এসেছে প্রায় দুইশত বছরের পুরোনো ৩০ থেকে ৩৫টি বড় আকৃতির মাটির কলস। এসব কলসে ‘স্বর্ণ ভরা আছে’ এমন গুজব মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভাঙ্গা পৌরসভার কোটপাড় এলাকায় একটি ড্রেন সংস্কারের কাজ করছিলেন শ্রমিকরা। মাটি খননের সময় প্রায় ৮ থেকে ১০ ফুট গভীরে তারা বড় আকারের মাটির কলস দেখতে পান। পরে একে একে প্রায় ৩০ থেকে ৩৫টি কলস বের হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়ে। অল্প সময়ের মধ্যেই লোকমুখে ছড়িয়ে পড়ে—কলসগুলোতে নাকি গুপ্তধন রয়েছে। এই গুজব ছড়িয়ে পড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসুক মানুষের ভিড় সামলাতে প্রশাসনকে হিমশিম খেতে হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম। এ সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই কলসগুলো পরীক্ষা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, “কলস ভর্তি স্বর্ণ পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও গুজব। আমার সামনেই কয়েকটি কলস তোলা হয়েছে, যার সবগুলোতেই কেবল মাটি ও বালু পাওয়া গেছে। মূল্যবান কিছু পাওয়ার কোনো প্রমাণ মেলেনি।”

খননকাজে নিয়োজিত শ্রমিকরা জানান, সকালে কাজ শুরু করার কিছুক্ষণ পর থেকেই একের পর এক কলস বের হতে থাকে। তবে প্রতিটি কলসই মাটি দিয়ে ভরা ছিল।

এদিকে স্থানীয় প্রবীণদের ধারণা, এটি কোনো প্রাচীন প্রতিরক্ষা বাঁধের অংশ হতে পারে। তাদের মতে, অনেক বছর আগে কুমার নদীর ভাঙন থেকে এলাকা রক্ষার জন্য বড় বড় কলসে বালু ভরে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলসগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হতে পারে। তবে এতে কোনো অর্থ বা সোনা নেই। ভিত্তিহীন গুজবে কান না দিয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত না করার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়