ফেনীতে থানার পাশের দিঘিতে মিলল মরদেহ
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীতে শনিবার রাতে দিঘি থেকে উদ্ধার করা মরদেহ থানায় নেয় পুলিশ সদস্যরা।
ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে মডেল থানা সংলগ্ন দিঘির উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার হয়। এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে একই দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী নামে অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে মরদেহ ভাসতে দেখতে পান কয়েকজন পথচারী। তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “৯৯৯- নম্বরে কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।”
এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পিবিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাহাব/মাসুদ