ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষিকা হত্যা: তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৫০, ১৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যা: তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামি একই বিভাগের বরখাস্ত হওয়া সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান এবং কর্মকর্তা সহকারী রেজিষ্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার (১৫ মার্চ) কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজ এ আদেশ দেন।

কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, “ইবি শিক্ষিকা হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।”

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ সকল আলামত জব্দ করা হয়েছে। সেই সঙ্গে বাকি আসামিদের গ্রেপ্তারে আইন প্রয়োগকারী সংস্থার সবগুলো ইউনিট কাজ করছে।”

তিনি আরো বলেন, “মামলার ১ নম্বর আসামি ফজলুর রহমান পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হলেই হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদঘাটিত হবে।”

গত ৪ মার্চ বিকেলে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠে ফজলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার পর ফজলুর রহমানও আত্মহত্যার চেষ্টা করেন। দুজনের ডাক-চিৎকারে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপরই বরখাস্ত করা হয় দুই শিক্ষক ও কর্মকর্তাকে।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়