বাংলাদেশ-পাকিস্তান ‘ফাইনাল’ আজ
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টসের একটি মুহূর্ত।
মেহেদী হাসান মিরাজ ও শাহীন শাহ আফ্রিদি গত ১০ মার্চ হোটেল সোনারগাঁওয়ের সুইমিংপুলের সামনে যে ট্রফি নিয়ে ফটোসেশন করেছিলে, তার ভাগ্য নির্ধারণ হবে আজ? কার হাতে শোভা পাবে আকর্ষণীয় এই ট্রফি? মেহেদী হাসান মিরাজ ‘ফাইনাল’ ম্যাচটা জিতে দেশের ট্রফি দেশে রাখতে পারবেন নাকি শাহীন শাহ আফ্রিদি সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে ট্রফি নিয়ে যেতে পারবেন করাচিতে? উত্তরটা জানা যাবে, আজকের তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে। দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শের-ই-বাংলায় মাঠে নামবে এই দুই দল। আজই নির্ধারিত হবে শিরোপার ভাগ্য।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান বাংলাদেশকে হারায় ১২৮ রানের বিশাল ব্যবধানে। যদিও ম্যাচে বৃষ্টি বাধা সৃষ্টি করেছিল। কিন্তু বাংলাদেশের যাচ্ছেতাই ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা খুব একটা ছিলও না। সিরিজে এখন ১-১ এ সমতা।
আজকের ম্যাচ ফাইনালে রূপ নিয়েছে। যেখানে জয় ভিন্ন দুই দলই কোনো কিছু চিন্তা করছে না। দুই দল গতকাল বিশ্রামে কাটিয়েছে। রান না পাওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত গতকাল মিরপুরে ব্যাটিংয়ে সময় কাটিয়েছেন লম্বা সময়। নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য শৈশবের কোচ সোহেল ইসলামের কাছে গিয়েছেন তিনি। আজ সুযোগ পেয়ে রান করলে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়বে তার।
পাকিস্তান প্রথম ম্যাচে ১১৪ রানে অলআউট হয়েছিল। তারা বদলা নিয়ে বাংলাদেশকে পরের ম্যাচে ১১৪ রানেই অলআউট করে। আজকের ম্যাচটা তাই দুই দলের ব্যাটসম্যানদের জন্যই কঠিন পরীক্ষার মঞ্চ হবে। বাংলাদেশের জন্য কাজটা বেশি কঠিন। কারণ ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ওভার পুরোপুরি ব্যাটিং করতে পারছে না অনেক ম্যাচেই। দলের কোচ মুশতাক আহমেদ সেই কথাই বললেন, ‘‘আমি সব সময় বলি, ৫০ ওভারের খেলা হচ্ছে মিনি টেস্ট ক্রিকেট। তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। যখন বোলার আপনাকে কঠিন সময় দেবে, তখন ব্যাটারকে অপেক্ষা করতে হবে। বেশি শট খেলা যাবে না। জুটি গড়তে হবে, খেলা এগিয়ে নিতে হবে। এসব বিষয়ে আমাদের উন্নতি করতে হবে এবং দ্রুত শিখতে হবে।’’
অধিনায়ক যা বলছেন
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ
‘‘আমরা প্রথম ১০ ওভারে ভালো করতে পারিনি। যা আমরা প্রথম ম্যাচে করেছিলাম। ব্যাট করার জন্য এটি খুব ভালো উইকেট ছিল। কিন্তু আমাদের টপ-অর্ডার ব্যাটাররা খুব বেশি রান পায়নি। ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’’
শাহীন শাহ আফ্রিদি, পাকিস্তান
‘‘উন্নতির জায়গা নিয়ে বলতে গেলে, আমাদের পরপর উইকেট হারানোর প্রবণতাটা কমাতে হবে। ভালো জুটি গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝের ওভারগুলোতেও আমরা উইকেট হারিয়েছি, সেখানেও উন্নতি করতে হবে। দল হিসেবে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এই সিরিজটাকে আমরা মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছি। সেটাই আমাদের মূল লক্ষ্য।‘’
পরিসংখ্যান কী বলে?
এর আগে বাংলাদেশ ৭৯ তিন ম্যাচের সিরিজ খেলেছে। যেখানে ২৫টি সিরিজের ফল ২-১ ব্যবধানে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ কতবার জিতেছে সেটাই প্রশ্ন? বাংলাদেশ এই ২৫ সিরিজের ১২টিতে ২-১ ব্যবধানে জিতেছে। আর ১-২ ব্যবধানে হেরেছে বাকি ১৩ সিরিজ। এই ২৫ সিরিজের মধ্যে তৃতীয় ম্যাচের আগে ১-১ সমতা ছিল, এমন সিরিজ ছিল ১৬টি। যেখানে বাংলাদেশ ৮টি জিতেছে। ৮টি হেরেছে। আজ বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
র্যাংকিংয়ে নয়ে যাওয়ার সুযোগ
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ নেওয়া বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ গুরুত্বপূর্ণ। আজ বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিততে পারলে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে নয় নম্বরে উঠে যাবে। আর শেষ ম্যাচ হারলে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থেকে যাবে বাংলাদেশ।
সিরিজটা হতে পারে ক্রিকেটপ্রেমিদের ঈদ উপহার
কিছুদিন পরই ঈদের আনন্দ শুরু হবে। ঈদের আগে বাংলাদেশ আজই শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। আজকের জয় দেশের ক্রীড়ামোদীদেরও হতে পারে খুশির কারণও। জয়ের ধারায় ফিরে আসা এবং ফাইনাল জিতে সিরিজ নিশ্চিত করা তো দেশের ক্রিকেটপ্রেমী মানুষের জন্য হতে পারে ক্রিকেটারদের ঈদ উপহারও।
ঢাকা/ইয়াসিন