ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একগুচ্ছ কণাকবিতা

সৈকত হাবিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৫ মার্চ ২০২৬  
একগুচ্ছ কণাকবিতা


অমলকান্তি তবু
রোদ্দুর হতে চেয়েছিল
কিন্তু এখন আমি
কিছু-না হতে চাই


তুমি হতে পারতে 
                  নক্ষত্র
অথচ হয়ে আছো 
              একদলা মাটি


আমার কোষে কোষে তুমি
    কিংবা তুমিই কোষ
তাই প্রাণগভীর থেকে
বাজাই রাগ মালকোষ


পৃথিবীর সব হারামখোরদের
         আমি শূকরছানা বলি 
কারণ কবিতায় শুয়োরের বাচ্চা
            বড় রূঢ় শোনায় 


জগত এক লীলার দোকান
যা তুমি বিনা দামেও 
             ক্রয় করতে পারো 


জীবনে কথার ময়লা 
    জমিয়েছি অনেক 
চাই এবার নৈঃশব্দ্যের 
                স্নানশুভ্রতা


তাঁকে পেতে 
   উড়ো না আকাশে 
   ফুঁড়ো না পাতাল
কেবল হৃদয়-বেতারে
        হও মাতাল


হৃদয়ের তারে শোনো 
              তাঁর গান
প্রাণের গভীরে পাবে
            উজ্জ্বল-উদ্যান


কেবল কি ঘুড়িই ওড়ে?
তোমার সত্তাও কি  
         শূন্যে ওড়ে না!

১০
প্রতিদিন করো 
   সঙ্গীতস্নান
আত্মায় খুঁজে পাবে
          স্বর্গের ঘ্রাণ
 

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়