ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার মহাসড়কে কোনো যানজট হবে না: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১৫, ১৮ মার্চ ২০২৬
এবার মহাসড়কে কোনো যানজট হবে না: প্রতিমন্ত্রী টুকু

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, “যথাযথ ব্যবস্থাপনার কারণে এবার মহাসড়কে কোনো যানজট হবে না।”

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে। যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, আল্লাহর রহমতে কেউ যানজটে পড়বে না। সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।”

তিনি বলেন, “ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হন এবং রোজাদারদের যেন সড়কে ইফতার করতে না হয়—সেজন্য সার্বক্ষণিক মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।”

টুকু বলেন, “গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, ঈদযাত্রায় যেন কোনোভাবে মানুষ ভোগান্তির শিকার না হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”

প্রতিমন্ত্রী বলেন, “মহাসড়কের কোথাও এখন পর্যন্ত যানজটের খবর পাওয়া যায়নি। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।”

তিনি বলেন, “যান চলাচল সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। আমাদের কর্মীরাও পুলিশকে সহযোগিতা করার জন্য রাস্তায় রয়েছেন।”

সালাউদ্দিন টুকু বলেন, “বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে। তবে এবার পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘবে আমরা সড়কে নেমেছি। জনগণের ভোটে নির্বাচিত হিসেবে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।”

ঢাকা/কাওছার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়