কাপাসিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর, সেবার মানে সন্তোষ
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ঈদুল ফিতরের আনন্দঘন দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক চিকিৎসাসেবার মান সরেজমিনে মূল্যায়ন করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের অন্যান্য অনেক হাসপাতালের তুলনায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার দিক থেকে এগিয়ে রয়েছে। বিশেষ করে হাসপাতালের রান্নাঘরের পরিবেশ ও ব্যবস্থাপনা তার দৃষ্টি কেড়েছে।
তিনি আরও জানান, রোগীদের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা এখানে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে। ঈদের দিন হাসপাতালের রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন ছিল-পোলাও, মুরগির মাংস, সেমাই, রুটি ও গ্রামীণ পিঠা।
চিকিৎসাসেবার মান নিয়েও ইতিবাচক মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকেরা নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। এ সময় তিনি কয়েকজন রোগীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামতও নেন, যা তাকে সন্তুষ্ট করেছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় চিকিৎসকদের লিয়েন (স্থায়ীভাবে সংযুক্ত থাকা) ও ডেপুটেশন (প্রেষণ) নিয়ে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে যারা দীর্ঘদিন কর্মস্থলের বাইরে রয়েছেন, তাদের ৩০ দিনের মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা হবে। তবে উচ্চশিক্ষার জন্য বাইরে থাকা চিকিৎসকেরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন।
এছাড়া ব্যক্তিগতভাবে ছুটি নিয়ে বাইরে চিকিৎসা কার্যক্রম পরিচালনাকে অনৈতিক উল্লেখ করে মন্ত্রী জানান, এমন একটি ঘটনার কারণে ইতোমধ্যে একজন চিকিৎসকের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
সব মিলিয়ে ঈদের দিনেও চিকিৎসাসেবার ধারাবাহিকতা ও মান বজায় রাখতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা/রফিক/ফিরোজ