ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৫ এপ্রিল ২০২৬  
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।

রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাঠেরপুল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে চান্দিনা ও দেবীদ্বার উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। এতে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরো পড়ুন:

খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। পরে এমপির পক্ষ থেকে ফুটওভার ব্রিজ বা বিকল্প সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান।

হাইওয়ে পুলিশ ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মবিন জানান, দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এক ঘণ্টার যানজটের কারণে কিছুটা ধীরগতি রয়েছে, যা দ্রুতই স্বাভাবিক হবে।

গত ১ এপ্রিল একই স্থানে মহাসড়ক পারাপারের সময় লরির চাপায় নিহত হয় চান্দিনার বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। এ ঘটনার প্রতিবাদে ৩ এপ্রিল ওই এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারী আসাদুজ্জামান রাসেল জানান, কাঠেরপুল অংশটি চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করে। গত তিন বছরে এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত ফুটওভারব্রিজ, ইউলুপ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানান তিনি।

তবে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের একাংশ এই দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তাদের মতে, চান্দিনা অংশের প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে ইতোমধ্যে পাঁচটি ফুটওভারব্রিজ রয়েছে, কিন্তু সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি।

সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কোনো স্থানে ফুটওভারব্রিজ বা ইউলুপ নির্মাণের প্রয়োজন হলে আগে লিখিত আবেদন করতে হবে। এরপর টেকনিক্যাল টিম পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, ‘‘কাঠেরপুল এলাকায় একটি ইউলুপ প্রয়োজন। এটি সময়সাপেক্ষ হলেও আমরা দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা করব।’’ 

ঢাকা/রুবেল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়