ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১২ এপ্রিল ২০২৬  
ময়মনসিংহে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

সাজাপ্রাপ্ত পাঁচ আসামি (মাঝে)।

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। 

আদালত সূত্র জানায়, মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০/২৫ জন দা, ফালা, লাঠি নিয়ে নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে প্রবেশ করে ধান কাটতে শুরু করেন। এ সময় আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাঁধা দিতে গেলে আসামিরা এলোপাতারি আঘাত করে নূরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে জখম করে। পরে বাড়ির লোকজন তাদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। 

বাদী পক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারদণ্ড প্রদান করেছেন তিনি। ২০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়