সরকার নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে: শ্রমমন্ত্রী
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা শেষে সাংবাদিকদের কথা বলেন।
মালয়েশিয়ার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন, কর্মীদের অবস্থান বৈধকরণ এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (১২ এপ্রিল) সকালে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু মালয়েশিয়ার ওপর নির্ভর না করে সরকার একাধিক দেশের শ্রমবাজার চালু ও সম্প্রসারণে কাজ করছে। যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের জন্য ভিসা নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমন্বয় করে সমস্যার সমাধান করা হচ্ছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে। যারা দুর্ঘটনা বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মারা গেছেন, তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আবার যারা বিদেশে অবস্থান করতে চান, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে এ বাজার খুলতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনার পাশাপাশি যৌথ উদ্যোগেও কিছু কার্যক্রম শুরু হয়েছে, যা শিগগিরই সুফল দেবে বলে আশা করা হচ্ছে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত আছেন এবং এগুলোর বাস্তবায়ন এগিয়ে চলছে। ঢাকা–সিলেট মহাসড়ক, রেলপথ উন্নয়ন, বিমানবন্দর সংস্কারসহ বেশ কিছু বড় প্রকল্পের কাজ চলছে। এছাড়া প্রবাসীদের জন্য সিলেটে একটি ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তাঁর তত্ত্বাবধানে সরকার কাজ করছে। এতে করে পর্যায়ক্রমে দৃশ্যমান উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/রাহাত/বকুল
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন