মাদারীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিহত ১
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসের এক যাত্রী মারা গেছেন। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ম্যালকাইন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাস ম্যালকাইন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামালে যাত্রীরা নেমে যান। তবে, এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক কামরুল ইসলাম বলেন, “বাসের ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।”
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
ডাসার থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেশির ভাগ যাত্রী নেমে গেলেও একজন মারা গেছেন।”
ঢাকা/বেলাল/রাজীব
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন