ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি, দাবি সারজিসের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১২ এপ্রিল ২০২৬  
আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি, দাবি সারজিসের

রবিবার এক মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম

বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল বলে দাবি করেচেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। 

তিনি বলেন, “দুঃখজনক হলেও এটাই সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলছে। ফলে যারা জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করেছিল এবং শহীদদের হত্যার জন্য দায়ী তাদের অনেক দাগি আসামি এখন জামিন পেয়ে যাচ্ছে।” 

আরো পড়ুন:

রবিবার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য ২০টি অধ্যাদেশ অন্য ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে জুলুমের শিকার হয়েছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে সেগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। এ কারণেই তারা ভুল অধ্যাদেশ বাতিল করেছে।”

সারজিস আলম বলেন, “আসামিরা এখন বুক ফুলিয়ে বেড়াচ্ছে। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে জামিনে বেরিয়ে আসা আসামিরা। বিএনপি যদি মনে করে, তারা বিরোধী দলের কবর খুঁড়বে আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে তাহলে ওই কবরে তাদের জায়গাটা হবে সবার আগে।”

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “দয়া করে কোনো কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই, সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা আকাঙ্ক্ষার পক্ষে থাকুক। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন। যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন।”

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়