নাটোরে কাফনের কাপড় পাঠিয়ে দুই শিক্ষককে হুমকি
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এ ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।
কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন। রবিবার সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে প্রত্যেকটিতে তিনটি করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে শিক্ষক কর্মচারীদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠি দুটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে পাঠানো হয়েছে। খামে প্রেরকের ফোন নাম্বার না থাকলেও জনি শেখসহ আরও এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।
ডাকঘর সূত্রে জানা যায়, চিঠি দুটি গুরুদাসপুর ডাকঘর থেকে রেজিস্ট্রির মাধ্যমে প্রেরণ করা হয় এবং একজন পিয়ন অফিসিয়ালি রিসিভ করে সেগুলো কলেজে পৌঁছে দেন।
এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমরা বিষয়টি গুরুদাসপুর থানাকে অবগত করেছি। পুলিশ এসেছিল। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, ঘটনা জানার পরপরই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কারা জড়িত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/আরিফুল//
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন