ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপি নেতাকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১২ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:০৫, ১২ এপ্রিল ২০২৬
আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপি নেতাকে জরিমানা

প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। তবে, আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

এই নেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

আরো পড়ুন:

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাদ্দাম হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

২০২৪ সালের ২৩ আগস্ট রাজশাহীর দামকুড়া থানায় মামলা করেছিলেন সাজ্জাদ হোসেন। মামলায় হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি সাইদুর রহমান বাদলসহ দলটির ১৩ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং অস্ত্রের মুখে হুমকি ও মারধর করা হয়। আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ওই দিন সাজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ফলে তার করা মামলার বিবরণ সম্পূর্ণ মিথ্যা বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক বলেন, “ঘটনার তারিখে কারাগারে অবস্থান করেও বাইরে হামলার অভিযোগ এনে মামলা করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।”

তিনি বলেন, “এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা দুই আসামি জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে পাবেন। আদালত নির্দেশ দিয়েছেন, সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে ব্যাংক চালানের কপি জমা দিতে হবে। অন্যথায় মামলার বাদীকে একমাস কারাদণ্ড ভোগ করতে হবে।”

সাজ্জাদ হোসেন আরো বলেন, “সাজ্জাদ হোসেন রাজনৈতিক মামলায় কারাগারে ছিলেন এবং মামলা করার সময় বিষয়টি মনে ছিল না। আদালতে প্রমাণিত হওয়ায় মামলাটি মিথ্যা ছিল বলে স্বীকার করেছেন তিনি।”

ঢাকা/মাহী/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়