ফেনীতে প্রাইভেট হাসপাতাল সিলগালা
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীতে দীর্ঘ সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
রবিবার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অভিযানের সময় হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। একইসঙ্গে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরা সেবা না নিয়ে ফিরে যায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শক দল শহরের দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে। পরিদর্শনে সরকার নির্ধারিত সেবার মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফেনী প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়।
একই অভিযানে শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত ‘বায়েজিদ হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে অব্যবস্থাপনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান বলেন, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিচালিত হচ্ছিল। লাইসেন্স না থাকা এবং সার্বিক অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালটির লাইসেন্স ২০১৯ সালের পর আর নবায়ন করা হয়নি। একাধিকবার নোটিশ দিয়ে সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি। অভিযানের সময় ভর্তি রোগীদের নিরাপদে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
শনিবার (১১ এপ্রিল) রাতে ফেনী শহরের ‘ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক’-এ চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
২০২৪ সালের ২২ জুন একই হাসপাতালে ভুল চিকিৎসায় আকিফা সুলতানা (৩৯) নামে এক চিকিৎসকের মৃত্যুর অভিযোগ উঠেছিল।
ঢাকা/সাহাব/বকুল
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন