টাঙ্গাইলে প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
‘প্লাস্টিক জমা দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’ স্লোগানে পরিবেশ সুরক্ষায় এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইলের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’।
শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের জেলা পরিষদ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরিবেশ দূষণ রোধে এবং প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়তেই এই ভিন্নধর্মী উদ্যোগ।
দিনব্যাপী এ আয়োজনে পুরোনো প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য জমা দিয়ে গাছ সংগ্রহ করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা।
স্থানীয় বাসিন্দা সাজেদা বেগম বলেন, ‘‘বাড়িতে প্লাস্টিকগুলো জঞ্জাল হয়ে পড়ে ছিল। সেগুলো দিয়ে যে গাছের চারা পাবো, কখনো ভাবিনি। এটি সত্যিই চমৎকার এবং অনুপ্রেরণামূলক কাজ।’’
প্লাস্টিক জমা দিয়ে গাছ উপহার পাওয়া শিক্ষার্থী আকলিমা আক্তার বলেন, “এমন উদ্যোগ নিয়মিত নেওয়া উচিত তাহলে আমাদের মত শিক্ষার্থীরা অনেক গাছ নিতে পারবে।”
ফেসবুক পোস্ট থেকে এমন উদ্যোগের কথা জানতে পেরে প্লাস্টিক জমা দিয়ে গাছ নিতে এসেছিলেন শিক্ষার্থী স্মরণ সাহা। তিনি বলেন, “গাছ সংগ্রহের জন্য বাসার পরিত্যক্ত প্লাষ্টিকগুলো জমা দিয়ে কয়েক প্রজাতির গাছ নিলাম।”
আয়োজনের উদ্যোক্তা ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘‘আমরা চাই তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক। প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য বড় অভিশাপ। প্রতি বছর ২৫ হাজার টন প্লাস্টিক সাগরে জমা হচ্ছে। প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে ধরণভেদে পাঁচশ থেকে এ হাজার বছর সময় লাগে। এ উদ্যোগের মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে, আপনার পরিত্যক্ত প্লাস্টিক বিষ, কিন্তু একটি চারাগাছ আগামী প্রজন্মের জন্য অক্সিজেন ও আশীর্বাদ।’’
স্বেচ্ছাসেবী সংগঠনটি আগামীতে দেশের ২১ জেলায় ও টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এই ‘বিনিময়’ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলা শহরকে ‘প্লাস্টিক মুক্ত ও সবুজ শহর’ হিসেবে গড়ে তোলা।
গাছ বিনিময় অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমন্বয়কারী জোবায়দুর রহমান হৃদয়, সদস্য আলফি ইসলাম, রাজ চৌধুরী, ইয়াদ জিহাদ, পপি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার//
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন