ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ৪
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের স্বল্প মূল্যে ইলিশ মাছ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন— নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের লিমন শেখ (২১) এবং লিমন মোল্যা (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইলিশের বাড়ি চাঁদপুর‘, ‘ফিশ ভ্যালি‘, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর‘ প্রভৃতি ফেসবুক পেজে চটকদার বিজ্ঞাপন দিয়ে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহের কথা বলা হয়। কিন্তু, প্রতিশ্রুত ইলিশ না দিয়ে টাকা হাতিয়ে নিত চক্রটি। প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ওই ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও অন্যের নামে নিবন্ধিত ১৩টি সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের নামে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/শরিফুল/রফিক
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫