বাগানে ‘বাঙ্কার’, চলতো মাদক সেবন ও বেচাকেনা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে একটি নির্জন সুপারি বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয়েছিল ‘বাঙ্কার’। এর উপরে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে তৈরি করা হয় ঢাকনা। ভেতরে উঠা নামার জন্য সিঁড়ির ব্যবস্থাও ছিল। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত এর ভেতর চলতো মাদক সেবন ও কারবার।
সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি বাগানে এই বাঙ্কারটি তৈর করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কে বা কারা বাঙ্কারটি ভেঙে দেয়। তবে, এই আস্তানার খবর প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্ত সুজন সাহা আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রফুল্ল সাহার বাড়ির খোকন সাহার ছেলে সুজন সাহা ভক্ত বাগানে বাঙ্কারের মতো গর্ত তৈরি করে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন। সেখানে দিন-রাত চলতো মাদক সেবন। সম্প্রতি ফেসবুকে বাঙ্কারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে সেটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী বলেন, “সুজন একজন মাদক কারবারি। বাগানের ভেতর মাটির নিচে আস্তানা তৈরি করে তিনি সেখানে মাদকের আসর বসাতেন। বাঙ্কারে ৩ থেকে ৪ জন একসঙ্গে অবস্থান করতে পারতেন। এখান থেকে মাদক বিক্রিও করতেন সুজন।” মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাঙ্কারের ভেতেরের দৃশ্য
অভিযুক্ত সুজন সাহার স্ত্রী সুবাঙ্কা সাহা জানান, সুড়ঙ্গটি তার স্বামী বানিয়েছেন। সেখানে সুজন আড্ডা ও ধূমপান করতেন। এর বেশি কিছু তিনি জানেন না। সুজন এখন কোথায় আছে তাও তিনি বলতে পারেননি।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাগানের ভেতরে মাদকের আস্তানার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ