ছোটবেলা থেকেই সবার প্রিয় ছিলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ তার সহপাঠী ও শিক্ষকরা। তারা তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। শিক্ষকরা স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলা থেকেই লিমন ছিল শ্রেণির সেরা শিক্ষার্থী এবং তার ভদ্রতা সবার মন জয় করেছিল। সবার প্রিয় পত্র ছিলেন তিনি।
লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড পলিসি বিষয়ে পিএইচডি করছিলেন। গত শনিবার লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় নিখোঁজ নাহিদা বৃষ্টির এখনো খোঁজ মেলেনি। তিনিও একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।
যুক্তরাষ্ট্রের পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি লিমনের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার দায়ে রুমমেটকে অভিযুক্ত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা লিমনের শৈশব ও কৈশোর কেটেছে গাজীপুরের শ্রীপুরে। তার বাবা জহুরুল হক উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকার একটি স্পিনিং কারখানায় কর্মরত ছিলেন। সেই সুবাদে লিমনের শিক্ষাজীবন শুরু হয় মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।
শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, লিমন ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত ও বিনয়ী স্বভাবের ছাত্র। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান জানান, লিমন নিয়মিত ক্লাস করতেন এবং প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করতেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল হালিম স্মৃতিচারণ করে বলেন, “ছোটবেলা থেকেই লিমন ছিল শ্রেণির সেরা শিক্ষার্থী এবং তার ভদ্রতা সবার মন জয় করেছিল।”
সহপাঠীদের কাছেও লিমন ছিলেন একজন নিরহংকার ও বন্ধুবৎসল মানুষ। ২০২২ সালে শ্রীপুরের একটি রিসোর্টে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানেই অনেকের সঙ্গে তার দেখা হয়।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
লিমনের বাবা জহুরুল হক কান্নাজড়িত কণ্ঠে জানান, অনেক কষ্ট করে ছেলেকে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু আজ সব স্বপ্নই যেন ভেঙে গেছে। পরিবার এখন তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছে।
ঢাকা/রফিক/মাসুদ