খুলনায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনার পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার নাভাই (রামচন্দ্র নগর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিরেন্দ্র নাথ বৈরাগী (৭৫) ওই এলাকার মাদার বৈরাগীর ছেলে। অভিযুক্ত কিরণ বৈরাগী তার আপন ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরেন্দ্র নাথ বৈরাগীর সঙ্গে তার ছোট ভাই কিরণ বৈরাগীর জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে বাড়ির উঠানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগী পড়ে গিয়ে মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, “বিরেন্দ্র নাথ বৈরাগী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ছোট ভাইয়ের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
ঢাকা/নূরুজ্জামান/রাজীব