ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরিত্যক্ত রাইস মিল থেকে সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৭ এপ্রিল ২০২৬  
পরিত্যক্ত রাইস মিল থেকে সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল ইসলাম (৬০), পলাশ (৩২), একেএম বছির উদ্দিন আহমেদ সোহেল (৪২) ও সোহেল (৪৩)। তারা উপজেলার গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে নামা উথুরী গ্রামে জয়নাল আবেদীনের পরিত্যক্ত রাইস মিলে অভিযান চালায় পুলিশ। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বস্তায় রাখা ৩০ কেজি ওজনের মোট ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

অভিযানের সময় নজরুল ইসলামকে আটক করা হলেও তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যান। পরে নজরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় গফরগাঁও থানার এসআই মোহাম্মদ নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করলে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান বলেন, জব্দ করা চাল এই পরিষদের না। ধারণা করা হচ্ছে, উপকারভোগীদের কাছ থেকে কিনে এগুলো মজুত করা হয়েছিল।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়