ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ৭, গণপিটুনিতে চালক নিহত
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় পথচারী আহতের ঘটনায় চালককে গণপিটুনি দেন এলাকাবাসী।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ট্রাকটির চালক নিহত হন। আহত হয়েছেন হেলপারসহ দুইজন।
এলাকাবাসীর অভিযোগ, বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ট্রাকচালকের নাম হান্নান। তার বাড়ি বোয়ালমারী উপজেলায় বলে জানা গেছে।
আহত দুইজন হলেন- ট্রাকের হেলপার নাঈম (২২)। তার বাড়ি সালথা উপজেলার সোনাখোলায়। অপর ব্যক্তির নাম আল-আমিন (২৫), তিনি একই উপজেলার কাগদী এলাকার বাসিন্দা। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১২৭৩৩২) অত্যন্ত দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে যাচ্ছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী সেটির গতিরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। ফলে তারা আহত হন।
একই সঙ্গে লোকজন ট্রাকটি ভাঙচুর করেন। পরে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত সাতজনের মতো পথচারী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।
তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এর আগেই স্থানীয়রা ট্রাকটির চালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদা আক্তার খুশি জানান, হাসপাতালে আনার পথেই ট্রাকচালক হান্নানের মৃত্যু হয়। আহত বাকি দুইজনকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। মারধরে আহতদের হাসপাতালে নেওয়া হলে ট্রাকচালক মারা যান।”
তিনি জানান, আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/তামিম/মাসুদ