রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে ‘বাইন্না’ নামে এক যুবক নিহত হয়েছেন। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, মারা যাওয়া যুবক ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।
শুক্রবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় ঘটনাটি ঘটে।
আরো পড়ুন: ক্যাম্পে শৃঙ্খলা মানছে না রোহিঙ্গারা, বাড়ছে উদ্বেগ
নিহত নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার আগে ওই এলাকার পাহাড়ি অঞ্চলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় নুর হাসানকে আটক করে রোহিঙ্গারা। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় নুর হাসান মারা যায়।
তিনি আরো জানান, নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ