ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হলো ওয়ালটন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক পণ্যসামগ্রী প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পাওয়ার স্পন্সর বসুন্ধরা সিমেন্ট।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান তামিম ইকবাল এই ঘোষণা দেন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম, ‘‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট।’’
ঢাকা ও আশেপাশের ৬টি মাঠে ১২ দলের অংশগ্রহণে মোট ৬৬ ম্যাচের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৪ মে। শেষ হবে ১১ জুন।
দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক পুরোনো। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের টানা ১৩ বছর স্পন্সর করেছে ওয়ালটন। প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের ১১ বছরের স্পন্সরও হয়েছে ওয়ালটন। এছাড়া দেশে এবং দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ ক্রিকেটকে।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটন যুক্ত হওয়ায় ধন্যবাদ জানিয়ে তামিম বলেছেন, ‘‘ওয়ালটন সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের বড় সমর্থক হিসেবে পাশে থেকেছে। শুধু ঢাকা প্রিমিয়ার লিগ নয়, এনসিএলসহ ফার্স্ট ক্লাস টুর্নামেন্টগুলোতেও তারা ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে। তাদের এই অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কারণ, তাদের মতো স্পন্সর ছাড়া এসব আয়োজন সফলভাবে সম্পন্ন করা অনেক কঠিন হয়ে যায়।’’
তামিম যোগ করেন, ‘‘আমি কিছুক্ষণ আগেই তাদের সাথে কথা বলছিলাম। আমরা কীভাবে তাদের জন্য আরও কিছু করতে পারি। তারা বাংলাদেশ ক্রিকেটে বিনিয়োগ করছে, আর সেই বিনিয়োগ যেন সার্থক হয়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ বিষয়টি নিয়েই আজ প্রথম আলোচনা হলো।’’
তামিম আরও বলেছেন, ‘‘আশা করছি, সামনে আমরা একসাথে বসে আরও কীভাবে তাদের সম্পৃক্ততা বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত কথা বলতে পারব। বিসিএলে তাদের দল আগে ছিল, এখন নেই; এই বিষয়টিও আলোচনায় আসবে। আমরা আশা করি, তাদের এই সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেছেন, ‘‘ওয়ালটন বাংলাদেশের একটা অন্যতম সুপার ব্র্যান্ড এবং আরও খুশির জায়গা যেটা সেটা হল ওয়ালটন এখন ৫৫টার বেশি দেশে তার প্রেজেন্স রাখছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রেস্টিজিয়াস একটি টুর্নামেন্ট। আমরা গত ১৩ বছর সাকসেসফুলি এটার সাথে পার্টিসিপেট করেছি স্পন্সর হিসেবে। এবার আমরা আবার আছি। এটাকে আমরা ইনভেসমেন্ট হিসেবে দেখছি না। আমরা আমাদের রেসপন্সিবিলিটির পার্ট হিসেবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে আছি।’’
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড বিজনেস কো-অর্ডিনেটর অফ ম্যানেজিং ডিরেক্টর তানভীর আনজুম বলেছেন, ‘‘ওয়ালটন সব সময়ই চেষ্টা করে দেশীয় যেকোনো খেলার সাথে থাকার জন্য। এরই ধারাবাহিকতায় আমরা এবারের লিগে অংশগ্রহণ করেছি। আমাদের চেষ্টা থাকবে সামনে সব ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। এটা আমাদের দায়িত্ব। তামিম ইকবালের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করার সুযোগ থাকলে অবশ্যই আমরা যুক্ত হবো।’’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। এরপর ঢাকা লিগের লোগো উন্মোচন করেন অতিথিরা। এরপর লিগে অংশগ্রহণ করা ১২ দলের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল