সোলার সেচে যাচ্ছে দেশ, কমবে কৃষকের খরচ: কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের সব ডিপ ও শ্যালো টিউবওয়েলকে ধাপে ধাপে সোলার বিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে ডিজেলের ওপর নির্ভরতা কমবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের যত ব্যয়ই হোক না কেন, তা বাস্তবায়ন করা হবে। কৃষকদের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আগের সময় বিশ্বশক্তিগুলোর চাহিদা ছিল ভিন্ন। এখন তারা শুধু সম্পদ নয়, জীবন ও রাষ্ট্রের ওপরও প্রভাব বিস্তার করতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।
এর আগে কলেজের চারটি দল অংশগ্রহণে অনুষ্ঠিত রম্য বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি।
ঢাকা/রুবেল/বকুল