সরকার আ. লীগের মতো কোনো কাজ করবে না: নজরুল
নিজস্ব সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, “বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত করলে, বিএনপি নয়—আইনশৃঙ্খলাই বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।”
তিনি বলেন, “পতিত স্বৈরাচারের মতো আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যাবে।”
শনিবার (২ মে) দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে।”
তিনি জানান, বিএনপিসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজাতে দ্রুতই কার্যক্রম শুরু হবে। সংগঠনের গতিশীলতা ফেরাতে যথা শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজন করা হবে।
শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো সুমন ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ বদরুল আলম সবুজ প্রমুখ।
ঢাকা/নজরুল/সাইফ