ভুয়া আমদানি অনুমতিপত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে গবাদিপশু আমদানির একটি অনুমতিপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় সতর্কবার্তা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রচারিত ওই অনুমতিপত্রটি ভুয়া ও বিভ্রান্তিকর।
শনিবার (২ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে “প্রাণিসম্পদ অধিদপ্তর" -এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্র প্রচারিত হচ্ছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এ পত্রের সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানায়, অনুমতিপত্রটি অধিদপ্তর থেকে ইস্যুকৃত নয়; এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছে এবং যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সঠিক তথ্যের জন্য শুধু প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা