ঝালকাঠি সদর হাসপাতালের পরিত্যক্ত স্থান থেকে মানব ভ্রূণ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপরে মানব ভ্রূণ পাওয়া গেছে।
আজ রবিবার সকালে ভ্রূণটি পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মাসুম ইফতেখার।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রূণ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ভ্রূণ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ ভ্রূণ এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে নিশ্চিত হওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, মানব ভ্রূণ পাওয়ার ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/অলোক//